নেত্রকোণায় জমি ও টাকার বিরোধে সংঘর্ষ, আহত ১১

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার আটপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও টাকার লেনদেনের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছেন। 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের মানিষা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিষা গ্রামের মৃত মহেরাজের ছেলে কামাল মিয়া ও তার স্বজনদের সঙ্গে একই গ্রামের আলাউদ্দিন ও তার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রায় দুই- তিন মাস আগে ৩৫ শতাংশ জমি কেনাবেচার একটি বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, জমি ক্রয়ের পরও সেটি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। এর মধ্যে গত ডিসেম্বর মাসে আলাউদ্দিনের পরিবারের কাছ থেকে কামাল মিয়ার পরিবার ২০ হাজার টাকা ধার নেয়। পরে ওই টাকার লেনদেন নিয়েও নতুন করে উত্তেজনা দেখা দেয়।

এসব বিরোধের জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে গেলে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কামাল মিয়া পক্ষের পাঁচজন ও আলাউদ্দিন পক্ষের ছয়জনসহ মোট ১১ জন আহত হন।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর নাহার জানান, সংঘর্ষে আহত ১১ জনকে হাসপাতালে আনা হলে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ৯ জন বর্তমানে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Comment