মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মদনে ছাত্রদল নেতা মিঠু মিয়ার হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মদন থানার কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশসহ ঘটনাস্থলে যান। অভিযোগ শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলাকালে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিঠু মিয়া সেখানে উপস্থিত হন।
একপর্যায়ে পুলিশ তাকে সরে যেতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে মিঠুর আঘাতে দুই কনস্টেবল আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মিঠু মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও নাদির হোসেন শামীম জানান, যাত্রীদের দুর্ভোগ নিরসনে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
