নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে জামাল মিয়ার সন্তান এবং প্রতিবেশী সুজন মিয়ার সন্তানের মধ্যে খেলাধুলা নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি দুই পরিবারের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে জামাল মিয়া গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, শিশুদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ হয়নি।
