নেত্রকোণায় নৌকাডুবিতে নারী ও শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলায় নৌকাভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১ জুন) বিকেল চারটার দিকে উপজেলার চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি এলাকার আব্দুল হাইয়ের মেয়ে জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর এলাকার আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে পূর্বধলায় বিষম্ভপুর আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে কয়েকজন নারী ও শিশুসহ পাঁচ থেকে ছয়জন একটি ছোট কাঠের নৌকায় করে চিকনি বিলে ঘুরতে যান। একপর্যায়ে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠায় সেটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত মিম (১২) বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Comment