নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (৩১ মে) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৩৩) এবং তাঁর দুই মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ইতি আক্তার (১০)। নূরজাহান ওই গ্রামের আইনুল হকের স্ত্রী।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা শহর থেকে চল্লিশাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ‘মহুয়া’ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্মৃতি আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁর মা নূরজাহান বেগম ও মেয়ে ইতি আক্তারকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহতরা হলেন নিহত নূরজাহানের স্বামী আইনুল হক (৫৫), একই গ্রামের রেহান মিয়া (৪০) ও মুস্তাকিম (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
