চলে গেলেন মদন সরকারি কলেজের শ্রদ্ধেয় শিক্ষক সিদ্দিকুর রহমান

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে বরেণ্য শিক্ষক সিদ্দিকুর রহমানকে। তিনি আর আমাদের মাঝে নেই। তাঁর ইন্তেকালে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা যায়, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে গণিত বিভাগের প্রভাষক হিসাবে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন এবং সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের জন্য তিনি সকলের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তাঁর ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

স্থানীয়রা জানান, তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং সমাজের একজন পথপ্রদর্শক হিসেবেও ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

মরহুমের জানাজার নামাজ ১৪ এপ্রিল রোজ মঙ্গলবার স্থানীয় পাবলিক হল (উপজেলা ঈদগাহ মাঠ) মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার তৌফিক দান করেন—এই দোয়া সবার।

Leave A Comment