মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে এক সিনিয়র স্টাফ নার্সকে কুপিয়ে গুরুতর আহত করেছে তার স্বামী। আহত নার্স মারুফা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়ীভাদেরা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহত নার্স জানান, নাইট ডিউটি শেষে বাসায় গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের রগ ও হাতের কব্জিতে আঘাত করে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
