নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা সদর উপজেলার একটি বাসা থেকে আকাশ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে পৌর শহরের কুড়পাড় পুলিশ লাইনস-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকাশ আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশীউড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাওয়ায় পরিবারের একমাত্র সন্তান আকাশ চাকরির সুবাদে চাচাতো ভাই মাহবুবুল আলমের বাসার একটি পৃথক কক্ষে একাই থাকতেন। বুধবার মাহবুবুল আলমের শাশুড়ি মারা গেলে তিনি স্বপরিবারে সিলেটে যান। এর আগে মঙ্গলবার রাতে স্বজনদের সঙ্গে আকাশের সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়।
বুধবার থেকে স্বজনরা একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। বৃহস্পতিবার সকাল থেকে ফোন বন্ধ থাকায় তারা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয় ও প্রতিবেশীরা বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকির পরও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে আকাশকে গলায় বৈদ্যুতিক তার পেঁচানো রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
