
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা শহরের রাজুরবাজার সংলগ্ন নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানের সময় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শেখ (১৯) পৌর শহরের ছোট বাজার এলাকার নাজিম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে অবস্থানরত কয়েকজন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাব্বির পানিতে পড়ে যান। পরে ডিবি সদস্যরা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর থানা পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা নাজিম শেখ বলেন, আমার ছেলে সাঁতার জানত না। সে কোনোদিন পুকুর বা নদীতে গোসলও করেনি। তাহলে সে পানিতে পড়ল কীভাবে? আমরা হাসপাতালে গিয়ে লাশ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য বের করা হোক।
নিহতের বোন পূর্ণিমার ভাষ্য, শরীরে পানিতে ডুবে মৃত্যুর মতো কোনো আলামত দেখিনি। পরিবারের কাউকে আগেই কিছু জানানো হয়নি। কীভাবে তার মৃত্যু হলো, সেটি জানতে চাই।
সাব্বিরের বন্ধু জিহাদ জানান, অন্য এক বন্ধুর কাছ থেকে তিনি খবর পান যে সাব্বির পানিতে পড়ে আহত হয়েছেন এবং ডিবি পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এরপর তিনি বিষয়টি সাব্বিরের পরিবারের সদস্যদের জানান। তার দাবি, সাব্বির সাঁতার জানতেন না এবং কখনো নদী বা পুকুরে নামতেন না।
ঘটনাস্থলের আশেপাশের স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযানের সময় দৌড়ে পালানোর একপর্যায়ে সাব্বির পানিতে পড়ে যান। পানিতে পড়ে মাথায় আঘাত পেয়েও তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “পুলিশের কোনো অবহেলা ছিল না। খবর পাওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।