নেত্রকোণা প্রতিনিধিঃ
৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের মোক্তাপাড়া মাঠে আয়োজিত এ ম্যাচে লাল দল ও সবুজ দল অংশগ্রহণ করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লাল দলকে ১-০ গোলে পরাজিত করে সবুজ দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল বাকিউল বারী এবং জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেত্রকোণার উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর। জেলা প্রশাসন, নেত্রকোণার আয়োজনে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেত্রকোণার সহযোগিতায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরা, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।
