নেত্রকোনায় হাওরে ধান কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী হাওরে ডুবে যাওয়া ফসল রক্ষায় ধান কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকন বেগম ওই গ্রামের মো. জামাল মিয়ার স্ত্রী। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাওরের পানি ক্রমেই বাড়তে থাকায় ১২০ শতাংশ জমির ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েন জামাল মিয়া। শ্রমিক সংকটে কোনো জনবল না পেয়ে তিনি দুই ছেলেকে সঙ্গে নিয়ে নিজেই গত দুই দিন ধরে ধান কাটছিলেন। স্বামীর এমন বিপদে পাশে দাঁড়াতে খোকন বেগমও মাঠে নামেন। কিন্তু বুধবার বিকেলে টানা বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে কাজ করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে জমির পাশেই ঢলে পড়েন খোকন বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বামী জামাল মিয়া বলেন, চোখের সামনে ধান তলিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো শ্রমিক পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়েই পরিবার নিয়ে মাঠে নামতে হয়েছিল। শেষ পর্যন্ত সেই অসহায়ত্বই আমার স্ত্রীর প্রাণ কেড়ে নিল।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, চলতি মৌসুমে বৃষ্টির পানি জমে এবং উজানের ঢলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বিধি অনুযায়ী সরকারি সহায়তা দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের আর্থিক ক্ষতি বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান।

Leave A Comment