নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোমা একই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও মো. সাদ্দাম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নূরুল ইসলাম পক্ষ ও মৃত শামসুদ্দিনের ছেলে শাহিনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটি দ্রুত সহিংস রূপ নিলে উভয় পক্ষের লোকজন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত হন সোমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
