নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান নাটেরকোনা গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল রায়হান। এ সময় পূর্বধলা থেকে জারিয়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছনের দিক থেকে তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Comment