নেত্রকোনা প্রতিনিধিঃ
দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও ধীরে ধীরে বাড়ছে হামের সংক্রমণ। জেলায় এখন পর্যন্ত ১০ শিশুর শরীরে এ রোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ২৬ জনকে সন্দেহজনক হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে আটজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আটজন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশু চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন আরিফ নামের এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য বুধবার (১ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বুধবার (১ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুদের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে। সম্প্রতি জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে আসা শিশুদের পরীক্ষা-নিরীক্ষার পর হাম শনাক্ত হচ্ছে। অধিকাংশ আক্রান্তই শূন্য থেকে পাঁচ বছর বয়সী। সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীদের আলাদা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নেয়া এক শিশুর অভিভাবক ফুলন রাণী সরকার বলেন, আমার শিশুর তিন দিন ধরে জ্বর ছিল। পরে শরীরে দানা ওঠে। হাসপাতালে আনার পর চিকিৎসকরা জানান, এটি হাম। তবে আইসোলেশন ওয়ার্ডে প্রয়োজনীয় কিছু ওষুধের ঘাটতি রয়েছে।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবু রায়হান খান জানান, হাম আক্রান্ত শিশুদের জন্য আলাদা কর্ণার চালু করা হয়েছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে ভিটামিন-এ ক্যাপসুল, প্যারাসিটামল সিরাপ, অ্যান্টিবায়োটিক ও চোখের ড্রপের সংকট রয়েছে। ফলে অভিভাবকদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। অক্সিজেন সরবরাহে সাময়িক সমস্যা থাকলেও তা এখন স্বাভাবিক হয়েছে।
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকা না নিলে এটি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসেনি, তারা বেশি ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং হাসপাতালে টিকার কোনো সংকট নেই। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
