নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় নয় বছর বয়সী শিশু তাহিয়া তানজিন তুবা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আটপাড়া মোড় এলাকায় সচেতন নাগরিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে উপজেলার বিক্রমশ্রী এলাকায় নিজ বাড়ি থেকে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তোলে। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পরদিন ৭ মার্চ তুবার বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে তুবার বাবা রফিকুল ইসলাম ও মা চিনি আক্তারসহ স্থানীয়রা বক্তব্য দেন। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা বাড়বে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
