মদনে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

নেত্রকোণা প্রতিনিধিঃ 

নেত্রকোণার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের হেলিপ্যাড সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে।

আটককৃতরা হলেন— জাহাঙ্গীরপুর গ্রামের মো. সোহাগ মিয়া (২২), পিতা মো. কাঞ্চন মিয়া এবং মানোয়ার হোসেন (২০), পিতা আনোয়ার হোসেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দোষী সাব্যস্ত করেন এবং প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Comment