
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনাকে দেশের অন্যতম সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমান। তিনি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি কার্যকর প্রশাসন গড়ে তুলে জেলার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, হাওর, নদী ও পাহাড়বেষ্টিত এই জেলার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ। পরিকল্পিত উদ্যোগ নিলে এসব সম্পদই হতে পারে উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
তিনি আরও বলেন, জেলার অভিভাবক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নেত্রকোনাকে সম্ভাবনার এক উজ্জ্বল মডেল জেলায় পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, পৌরসভার প্রশাসক আরিফুর রহমান সর্দার, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খন্দকার মুশফিকুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা এবং সরকারের একজন উপসচিব। নেত্রকোনায় যোগদানের আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
