নেত্রকোনায় যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১১ মে) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটী মোড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মাহিদ আহমেদ আনসারী এলাকায় জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তাদের অভিযোগ, পারলা এলাকার রুবেল মিয়া ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সম্প্রতি আনসারীর সমর্থকদের মারধরের ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে মাহিদ আনসারীকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে।

অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave A Comment