নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জব্দ হওয়া পণ্য ও ট্রাকের সম্মিলিত মূল্য প্রায় ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ৩১ বিজিবির বরুয়াকোনা বিওপির টহল দল সীমান্তসংলগ্ন রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি মিনি ট্রাককে থামার সংকেত দিলে চোরাকারবারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১০ কেজি জিরা, ১ হাজার ২৬৪ কেজি ফুচকা এবং ১ হাজার পিস পন্ডস পাউডার। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি জানায়, জব্দ করা ট্রাকসহ পণ্যের সিজার মূল্য ৩০ লাখ টাকারও বেশি। নিয়ম অনুযায়ী এগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
