নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে দন্ত চিকিৎসা দেওয়ার অভিযোগে দুই হাতুড়ে চিকিৎসককে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার পালগাও গ্রামের রফিকুল ইসলামের ছেলে নূরে আলম (৩৮), এবং দুওজ গ্রামের শাহজাহানের ছেলে জসীম উদ্দিন (৩০)
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বুধবার উপজেলার নাজিরগঞ্জ বাজারে হাট বসে। দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসা সনদ ছাড়াই দন্ত চিকিৎসা ও সার্জারি চালিয়ে আসছিলেন অভিযুক্তরা। বুধবার অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় দেখা যায়, তারা নিবন্ধিত চিকিৎসক না হয়েও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের দন্ত চিকিৎসা দিচ্ছিলেন। এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(৩) এর দুটি পৃথক মামলায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত শেষে দণ্ডপ্রাপ্তদের আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ জুবায়দুল আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান। আগামীকাল তাদের কারাগারে পাঠানো হবে।
