নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা জেলা শাখার নতুন ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অধ্যাপক ইকবাল আহমেদকে আহ্বায়ক এবং শেখ এ কে এম শহিদুল ইসলাম ছোটনকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের উপস্থিতিতে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় পর্যায়ে বাপার কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও”—এই স্লোগানকে ধারণ করে তাঁরা পরিবেশ ধ্বংসকারী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলবেন। নদী, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে পরিবেশবান্ধব সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে বাপার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
