নেত্রকোনায় অবৈধ মজুদের ৪৩০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার সদর উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীর  প্রায় ৪৩০০ লিটার ডিজেল জব্দ এবং একই সঙ্গে  ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাটখলা বাজারের রাকিবা জাহান ইভা ট্রেডার্সে অবৈধভাবে ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Comment