নেত্রকোণায় ব্যবসায়ী হত্যা মামলায় আসামির ফাঁসি

নেত্রকোণা প্রতিনিধিঃ 

নেত্রকোণায় ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীন হত্যা মামলায় একমাত্র আসামি রতন মিয়াকে (৫৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরীর আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত রতন মিয়া নেত্রকোনা পৌর শহরের বর্শিকুড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় ভাড়া বাসায় থেকে কসমেটিক ব্যবসা করতেন বাবুল মিয়া ওরফে শাহীন (৪০)। তার স্ত্রী সেলিনা আক্তার চাকরির সুবাদে ঢাকায় থাকতেন এবং একমাত্র ছেলে গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করত। এ সময় বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশী রতন মিয়ার স্ত্রীর পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি জানতে পেরে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে রতন মিয়া কৌশলে বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের দাসপাড়া এলাকায় নিয়ে যান। সেখানে রাত আনুমানিক ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে নদীতে ফেলে দেন।

পরদিন স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। 

পরে নিহতের ছোট ভাই শামীম মিয়া কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রতন মিয়াকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান।

Leave A Comment