নেত্রকোণায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

নেত্রকোণা প্রতিনিধি 

নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১ আগষ্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর বাড়িতে ফিরছিল শিশুটি। পথে থানা সংলগ্ন এলাকায় সড়কের অপর পাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে সড়কে পড়ে যায় প্রীতি। ঘটনাস্থলেই সে গুরুতর আহত এবং অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহত শিশুর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Leave A Comment