নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধানের জমিতে গরু প্রবেশ করে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবাদ জানানোয় বাচ্চু তালুকদার (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাচ্চু তালুকদার উপজেলার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাচ্চু তালুকদার মাখনা গ্রামের পাশের নায়েকপুর হাওরে একটি বন্ধকি জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধান পাকায় কয়েকদিনের মধ্যেই তা কাটার প্রস্তুতি ছিল। তবে কিছুদিন ধরে মাখনা গ্রামের কয়েকজনের গরু নিয়মিত তার জমিতে ঢুকে ধান খেয়ে নষ্ট করছিল। এ নিয়ে তিনি একাধিকবার গরুর মালিকদের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি।
ঘটনার দিন বিকেলে জমিতে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন সেখানে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে করিল ইসলাম ও তার সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে বাচ্চু তালুকদারের ওপর হামলা চালায়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে আত্মগোপনে রয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
